সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চান অঞ্জনা আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এখন আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হতে পারে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটের ভাগে পড়তে পারে ৩৭টি আসন।
এসব আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীরা। আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর যুক্তরাজ্য শাখার সদস্য সচিব অঞ্জনা আলম। তিনি ৮০ ও ৯০-এর দশক থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১/১১ সময়কার ছাত্র-শিক্ষক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় দীর্ঘদিন মামলার আসামি ছিলেন বলেও জানা যায়।
বিগত সরকারের সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রায় ১২ বছর দেশে ফিরতে পারেননি বলে ঘনিষ্ঠ সূত্র জানায়। পাশাপাশি নারী অধিকার ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়নে কাজ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে নারীদের সঙ্গে বৈঠক ও গণসংযোগ করেন তিনি। স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে শিক্ষা, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন অঞ্জনা আলম।
এ বিষয়ে অঞ্জনা আলম বলেন, “দলের জন্য কাজ করেছি। আন্দোলন-সংগ্রামে এবং জিয়া পরিবারের দুঃসময়ে পাশে থেকেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। কাজের মূল্যায়ন দল করবে বলে বিশ্বাস করি।”





































