শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
Saturday , 19 September 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রকাশিত: ০০:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সল আমিন

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম দিনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির দুই সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।

ওবায়দুল্লাহ্ মাসুদ সাবেক ছাত্রদল নেতা। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএসের দায়িত্বও পালন করেছেন। অপর মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকও ছিলেন।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

শূন্য হওয়া এ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

বিএনপির মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় বুধবার। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়