বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
Wednesday , 04 November 2026
২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তবে এখনই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কয়েক দিন পর দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমিনসহ মোট তিনজন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। অপর দুজন হলেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। তিন মনোনয়নপ্রত্যাশীই মনোনয়ন বোর্ডের কাছে পৃথকভাবে সাক্ষাৎকার দেন।

মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র। ওবায়দুল্লাহ মাসুদ সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও জিএস। অন্যদিকে, সুলতানুল ফেরদৌস চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলীয় মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়ায় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ আসনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

সর্বশেষ

জনপ্রিয়